‘৩০০ ফুটে ডাকাতি’ নয়, গাড়ি ভাঙচুরের ঘটনা: ডিএমপি

৩০০ ফুট সড়কে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ডিএমপি। পুলিশের ভাষ্য, ককটেল বিস্ফোরণের পর একটি গাড়িকে ধাওয়া করে ভাঙচুর করেন কয়েকজন।
রাজধানীর ৩০০ ফুট সড়কে ডাকাতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাড়ি ভাঙচুরের ভিডিওটি ডাকাতির বলে প্রচার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মঙ্গলবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাতে বলা হয়েছে।
ভিডিওটি ১৮ নভেম্বর রাত ১১টা ৫৪ মিনিটের। ঘটনাটি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে, যা ৩০০ ফুট সড়ক নামে পরিচিত। খিলক্ষেত থানা-পুলিশও ঘটনাটি ১৮ নভেম্বরের বলে জানিয়েছে।
খিলক্ষেত থানা-পুলিশের ভাষ্য, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের রাতে ৩০০ ফুট সড়কে ঘটনাটি ঘটে। সেদিন রূপগঞ্জ থানার নীলা মার্কেট-সংলগ্ন এক্সপ্রেসওয়ে চত্বরে ককটেল বিস্ফোরণ হয়েছিল। লকডাউনে নাশকতা ঠেকাতে সেখানে রূপগঞ্জ থানা ছাত্রদল ও যুবদলের ৫০ থেকে ১০০ জন নেতাকর্মী অবস্থান করছিলেন। তাঁরা নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অনুসারী। তাঁর সহকারী একান্ত সচিব শিবলু ভূঁইয়াও সেখানে ছিলেন।
পুলিশ জানায়, বিস্ফোরণের শব্দের পর নেতাকর্মীরা একটি প্রাইভেট কার শনাক্ত করে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে সেটিকে ধাওয়া করেন। গাড়িটি ঢাকার দিকে যাওয়ার সময় খিলক্ষেত থানার মস্তুল চেকপোস্টে গতি কমালে তাঁরা সেটি ভাঙচুর করেন। পরে গাড়িটি চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দিয়ে পালিয়ে যায়; সেটিকে আটক করা যায়নি।
শিবলু ভূঁইয়া মঙ্গলবার বিকেলে বলেন, গাড়িটি থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার পর তিনি পূর্বাচল পুলিশ ফাঁড়ির এক সদস্যের সহায়তায় মস্তুল চেকপোস্টে খবর দেন। পুলিশ গাড়িটিকে থামার সংকেত দিলেও সেটি না থামায় তাঁদের নেতাকর্মীরা ধাওয়া করে ভাঙচুর করেন।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ হোসেন বলেন, কয়েক দিন আগের একটি ভিন্ন ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো




