ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি

ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা না করতে মাইকিং করেছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি আনোয়ার। নিয়ম ভাঙলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেন তিনি।
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করা যাবে না বলে মাইকিং করেছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি আনোয়ার। এ নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হবে বলে ঘোষণা দেন তিনি।
সম্প্রতি তাঁর ঘোষণার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইকে বাজারের লোকজনকে উদ্দেশ করে কথা বলছেন এক ব্যক্তি। নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর বাজার এলাকায় ভিক্ষা করা নিষেধ।
আনোয়ারের বাড়ি নকলা এলাকায়। তাঁর ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ একে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন; আবার কেউ জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা স্থানীয় কমিটির আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সম্পর্কিত আরও খবর

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার


