চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এক ডাব বিক্রেতাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে এক ডাব বিক্রেতাকে মারধর করে ২৪ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মো. সাহাব উদ্দিন (৫৫) পাঁচলাইশ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে মো. ইব্রাহিম ও মো. মাহমুদের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হাসপাতালের সামনে ভ্যানে ডাব বিক্রির সময় মোটরসাইকেলে করে ইব্রাহিম, মাহমুদসহ কয়েকজন যুবক সেখানে আসেন। পাশের ভ্যানের এক ব্যবসায়ী সাহাব উদ্দিনকে কিছু বলেছেন কি না, তাঁরা তা জানতে চান। তিনি কিছু বলেননি জানালে ইব্রাহিম তাঁকে লাথি মেরে রাস্তায় ফেলে দেন।
অভিযোগে বলা হয়, পরে অভিযুক্তদের একজন সাহাব উদ্দিনকে টেনে তুলে থাপ্পড় মেরে আবার মাটিতে ফেলে দেন। এরপর তাঁর ডাব বিক্রির ২৪ হাজার ৪০০ টাকা নিয়ে তাঁরা মোটরসাইকেলে চলে যান।
সাহাব উদ্দিন জানান, ডাব বিক্রির ওই টাকাই ছিল তাঁর ব্যবসার পুঁজি। টাকা হারিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: আজকের পত্রিকা




