শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস উদ্দিন নিহত হয়েছেন। পুলিশ বলছে, আহত তিন-চারজন পালিয়ে গেছেন; ঘটনার তদন্ত চলছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত চারজন।
টমাস উদ্দিন উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তাঁর ফেসবুক পরিচিতিতে নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবিও রয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বেলা আড়াইটার দিকে চৌকা এলাকার একটি খেতের পাশে কলাগাছের নিচে নিরিবিলি জায়গায় কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে একজন নিহত হন এবং তিন-চারজন আহত হন। পরে আহতরা সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ এবং এতে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো




