পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ

পাবনার দুবলিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। দেয়ালে সামান্য আগুন লাগলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে সামান্য আগুন লাগে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজারের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেট্রলবোমা দুটি কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। ভেতরে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো হয়।
গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখার ব্যবস্থাপক তানিয়া খাতুন জানান, দেয়ালে আগুন লাগার পর দোতলায় থাকা কর্মকর্তারা দ্রুত তা নেভানোর চেষ্টা করেন। বড় ক্ষতি না হলেও কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়েছেন। বিষয়টি প্রশাসন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, বাইরে থেকে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

চমেকের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার ৪০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত অন্তত চার


