নাশকতায় অর্থায়নের অভিযোগে ঢাকায় আ.লীগ নেতা মোস্তাফিজুর আটক

চলমান নাশকতায় অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কে এস এম মোস্তাফিজুর রহমানকে শাহবাগ থেকে আটক করেছে ডিবি।
চলমান নাশকতায় অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে থেকে ডিবির রমনা বিভাগের একটি দল তাঁকে আটক করে।
ডিবি রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনায় করা মামলাসহ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই চলছে।
ডিবি-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা এবং ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ডিবির তথ্য বলছে, জুলাই অভ্যুত্থানের সময়কার তিনটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আছে। এ ছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধভাবে পাঠানো অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো




