ঢাকায় প্লটের দামের বাইরে কাঠাপ্রতি ১৪.৫ লাখ টাকা পর্যন্ত খরচ: টিআইবি

টিআইবির গবেষণায় বলা হয়েছে, ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট বুঝে পেতে বিজ্ঞাপিত দামের বাইরে কাঠাপ্রতি সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। জমি অধিগ্রহণ ও সরকারি অনুমোদনেও অনিয়মের অভিযোগ তুলে ধরেছে সংস্থাটি।
ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কেনার পর মালিকানা বুঝে নিতে বিজ্ঞাপিত দামের বাইরেও নানা খাতে অর্থ দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় কাঠাপ্রতি ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে।
‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণার ফল বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত করা গবেষণায় আবাসন কোম্পানি, প্লট ক্রেতা ও জমির মালিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
গবেষণায় উন্নয়ন ফি বা সার্ভিস চার্জ বাবদ কাঠাপ্রতি ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা, ইউটিলিটি ডিপোজিট বাবদ প্লটপ্রতি ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পানি সংযোগ ও প্রক্রিয়াকরণ ফি বাবদ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের তথ্য দেওয়া হয়েছে। সীমানাপ্রাচীর ও ভেতরের রাস্তা তৈরিতে কাঠাপ্রতি ৪ থেকে ৫ লাখ টাকা লাগতে পারে। চুক্তির পর বাড়তি অর্থ দাবি, প্লট হস্তান্তরে দেরি এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগও পেয়েছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাতে আইন প্রয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। তাঁর ভাষ্য, কিছু প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের সঙ্গে যোগসাজশে অনিয়ম করছে। রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক গোষ্ঠীর যোগসাজশে ‘মাফিয়াতন্ত্র’ গড়ে ওঠার কথাও বলেন তিনি।
গবেষণায় বলা হয়েছে, ২৫ একর জমিতে একটি আবাসন প্রকল্প গড়তে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মবহির্ভূতভাবে ৪ কোটি ১১ লাখ ৬০ হাজার থেকে ৯ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। জমির শ্রেণি পরিবর্তন, নামজারি, নকশা ও প্রকল্পের অনুমোদন এবং পরিবেশগত ছাড়পত্রের বিভিন্ন পর্যায়ে এসি ল্যান্ড অফিস, রাজউক, ডিপিডিসি, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর ও ডিটিসিএর নাম উল্লেখ করা হয়েছে।
প্লটের চুক্তি করার পর দাম বাড়িয়ে অর্থ দাবি এবং তা না দিলে হস্তান্তর আটকে রাখার হুমকির অভিযোগও গবেষণায় রয়েছে। রেজিস্ট্রেশন বা মামলা পরিচালনার খরচের কথা বলেও ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয় বলে জানিয়েছে টিআইবি। জমি অধিগ্রহণে ভয়ভীতি দেখানো, জোর করে দখল, বাজারদরের নিচে বিক্রিতে বাধ্য করা এবং মূল্য পরিশোধে দেরির অভিযোগও তুলে ধরা হয়েছে।
জোয়ারসাহারা ও কাঁঠালদিয়া মৌজায় একটি প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানের প্রকল্পের উদাহরণ দিয়েছে গবেষণাটি। টিআইবির দাবি, ১৯৮৮ সালে ৩০৫ একর জমিতে শুরু হওয়া প্রকল্পটি রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক যোগাযোগ ও অনিয়মের মাধ্যমে প্রায় ৭ হাজার একরে বিস্তৃত হয়েছে। এর আওতায় প্রায় ৮০০ একর খাসজমি, ভাওয়াল এস্টেটের ২১৬ একর জমি এবং নদী, খাল ও জলাশয় অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে।
গবেষণায় আরও বলা হয়েছে, প্রায় ১ হাজার ৪২১ দশমিক ৪৮ একর জমির নিয়ন্ত্রণ নেওয়ার ফলে আনুমানিক ৫০ হাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা মূল্যের সরকারি ও প্রাকৃতিক সম্পদ ব্যক্তিখাতে যাওয়ার অভিযোগ রয়েছে। হোলান ও আশকোনায় ৪৩ একর জমির অনুমোদন থাকলেও প্রায় ২৩০ একর অননুমোদিত জলাভূমি ও নিচু জমি ভরাট করে প্রকল্প বাড়ানোর তথ্যও দিয়েছে টিআইবি।
ড্যাপ সংশোধনে আবাসন ব্যবসায়ীদের প্রভাবের অভিযোগও গবেষণায় এসেছে। এতে বলা হয়, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২-২০৩৫ মেয়াদের পরিকল্পনা প্রণয়নের এক বছরের মধ্যে ব্যবসায়ীদের দাবিতে পরিবর্তনের জন্য অন্তত চারবার দাপ্তরিক উদ্যোগ নেওয়া হয়; দুবার বড় সংশোধনী গেজেট প্রকাশিত হয়। ২০২৫ সালের অক্টোবরে নতুন সংশোধনীতে ভবনের উচ্চতা দ্বিগুণ করার সুযোগ তৈরি এবং সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসনযোগ্য করার কথাও উল্লেখ করা হয়েছে।
টিআইবি ১৫০টির বেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিশ্লেষণ করে বলেছে, বিপণন মূলত উচ্চ আয়ের ও বিনিয়োগে সক্ষম ক্রেতাদের লক্ষ্য করে; সাশ্রয়ী আবাসনের দিকে মনোযোগ কম। সংস্থাটি বিজ্ঞাপিত দামের পাশাপাশি সব অতিরিক্ত ব্যয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা, কিস্তি ও অর্থ ফেরতের নীতিমালা স্পষ্ট করা এবং প্রকল্পের অনুমোদন, নকশা ও ইউটিলিটি-সংক্রান্ত তথ্য উন্মুক্ত রাখার সুপারিশ করেছে।
সূত্র: প্রথম আলো





