রিমন ও মোস্তাফিজ দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলে দুদকের অনুমোদন

সাবেক দুই সংসদ সদস্য এবং মোস্তাফিজুর রহমান চৌধুরীর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে অভিযোগপত্র দাখিলের অনুমতি দিয়েছে দুদক।
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এবং চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের নথিতে বলা হয়েছে, রিমনের নিট সম্পদের পরিমাণ ২৫ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৩৪৩ টাকা। গ্রহণযোগ্য আয় থেকে পারিবারিক ও অন্যান্য খরচ বাদ দেওয়ার পর তাঁর নিট আয় বা সঞ্চয় দাঁড়ায় ১২ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৩২১ টাকা। এ হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, রিমনের চারটি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলন মিলিয়ে মোট ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার লেনদেন হয়েছে। অবৈধভাবে উপার্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে এসব হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করা হয়েছে বলে অভিযোগ কমিশনের।
মোস্তাফিজুর রহমান চৌধুরী ও শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ করেছে দুদক। প্রাথমিক তদন্তে শাহীন আক্তারের নামে তাঁর স্বামীর সহায়তায় ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগও পাওয়া যায়।
দম্পতির ছয়টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮৮ টাকা ৯৩ পয়সার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব হিসাবে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ রয়েছে।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন চান। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা





