রংপুরে সেনাসদস্যের ভাড়া বাসা থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

রংপুরের ভগীবালাপাড়ায় সেনাসদস্যের ভাড়া বাসা থেকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যা মামলায় একজন গ্রেপ্তার, অপর আসামি সেনা হেফাজতে রয়েছেন।
রংপুর নগরের ভগীবালাপাড়া এলাকায় এক সেনাসদস্যের ভাড়া বাসা থেকে আরিফুল ইসলাম (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে বাসাটির একটি স্টোররুমে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
এ ঘটনায় আরিফুলের বাবা লিটন মিয়া দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। তাঁদের একজন ভগীবালাপাড়ার রাসেল মিয়া (২৯) গ্রেপ্তার হয়েছেন। অপর আসামি সেনাসদস্য শাহিন সেনা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আরিফুল ওই এলাকার বাসিন্দা। শাহিনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সরদার হাট এলাকায়। তিনি রংপুর সেনানিবাসে কর্মরত। নিহতের বাবা জানান, শাহিনের পরিবারের সদস্যরা ১৫ দিন আগে গ্রামে চলে গেছেন বলে তিনি জানতেন। একই এলাকায় থাকায় আরিফুলের সঙ্গে শাহিনের পরিচয় ও কথাবার্তা ছিল।
লিটন মিয়া বলেন, গত সোমবার থেকে আরিফুল নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। বুধবার রাত ১১টার দিকে তাঁরা সন্দেহ করেন, আরিফুলকে শাহিনের ভাড়া বাসায় পাওয়া যেতে পারে।
লিটনের ভাষ্য, আরিফুলের মুঠোফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ বাসাটির অবস্থান জানতে পারে। পরে স্বজনেরা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে গেলে স্টোররুমে মরদেহটি পাওয়া যায়।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, প্রথমে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে, পরে গলা কেটে আরিফুলকে হত্যা করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, তদন্তে অনলাইন ক্যাসিনো ও জুয়ায় জড়িত থাকা এবং মাদকাসক্তির বিষয় এসেছে। এসব নিয়ে ভুল বোঝাবুঝি বা স্বার্থগত বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সূত্র: আজকের পত্রিকা



