টিকটকে পরিচয়ের পর ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

টিকটকে পরিচয়ের সূত্রে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্কের তথ্য পেয়েছে পুলিশ। মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চেন ইয়ংকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
টিকটকে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। ৪১ বছর বয়সী এই ব্যক্তির মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হতেন চেন। পরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন এবং স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজ তৈরি করে তাঁদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন বলে অভিযোগ। এরপর ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, চেনের সঙ্গে অন্তত ১৫ নারীর এ ধরনের ঘটনার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে সম্পর্কের প্রকৃত ধরন, বিয়ের সংখ্যা এবং অন্য কেউ ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
শহিদুল ইসলাম জানান, চেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, ব্যবসায়িক যোগাযোগ ও সম্পর্ক গড়তে বাংলাদেশে এসেছেন। ভবিষ্যতে চীনে ব্যবসা করার পরিকল্পনা ছিল তাঁর। সেখানে একটি ছোট অটোগ্যারেজের মালিক হওয়ার পাশাপাশি গাড়িচালক হিসেবেও কাজ করতেন তিনি। গত ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসার পর স্থানীয় কারও সঙ্গে আর্থিক লেনদেন বা ব্যবসায়িক সম্পর্ক হয়েছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার ঢাকার উত্তরার একটি ভাড়া বাসা থেকে চেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই ছাত্রী। পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার রাতে নিখোঁজ ছাত্রী মুঠোফোনে বড় বোনকে জানায়, টিকটকের মাধ্যমে চেনের সঙ্গে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় এনে একটি বাসায় আটকে রাখা হয়েছে। বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের বাসাটি শনাক্ত করে পুলিশ। সেখান থেকে ছাত্রীকে উদ্ধার এবং চেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
গত বুধবার বিকেলে চেনকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

দেবিদ্বারে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি ৯ দিনেও গ্রেপ্তার হয়নি

ভাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় যুবকের ৭ বছরের কারাদণ্ড


