দেবিদ্বারে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি ৯ দিনেও গ্রেপ্তার হয়নি

চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় আসামিকে ৯ দিনেও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। তাঁর দাবি, পরিবার ও সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে।
কুমিল্লার দেবিদ্বারে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় আসামি সুলতান আহমেদকে (৪২) ঘটনার ৯ দিন পরও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। তাঁর অভিযোগ, আসামির স্ত্রীসহ বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে এসে এসব কথা বলেন মামলার বাদী শিশুটির বাবা। তাঁর ভাষ্য, আসামিকে গ্রেপ্তার না করায় পরিবার আতঙ্কে রয়েছে। তিনি আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১৭ নভেম্বর সকালে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে সুলতান আহমেদকে একমাত্র আসামি করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন; শিগগিরই তাঁকে আটক করা হবে।
সূত্র: আজকের পত্রিকা




