টঙ্গীর মাদ্রাসায় হামলার মামলায় শাহজালাল রুমির জামিন

মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের মামলায় গাজীপুর আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক শাহজালাল রুমি।
গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার গাজীপুর আদালত তাঁকে জামিন দেন।
গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুসারে তিনি নিম্ন আদালতে হাজির হন।
মামলার সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়ার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
এরপর ২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শিশুটির অভিভাবকের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। পাল্টা মামলায় মাদ্রাসা কর্তৃপক্ষ শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগ আনে।
রুমি বলেন, ‘আমার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ লাখ টাকার মিথ্যা মামলা দেয়। আজ আমি আদালতে গেলে আমাকে জামিন দিয়েছেন।’ তিনি গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন।
সূত্র: আজকের পত্রিকা



