জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের আবেদনও করেছে রাষ্ট্রপক্ষ।
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সমাপনী যুক্তিতর্কে এ আবেদন জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুহুল কুদ্দুস কাজল বলেন, অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, ট্রাইব্যুনাল তাঁকে আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি দেবেন। রাষ্ট্রপক্ষ জিয়াউল আহসানের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের আবেদনও জানিয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের জবানবন্দি, মামলার নথি ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এ সময় দেশি-বিদেশি আদালত ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইনগত নজিরও তুলে ধরা হয়।
রাষ্ট্রের ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে নিজ দেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার অভিযোগের জবাবদিহি জরুরি বলে মন্তব্য করেন তিনি। গুম ও পদ্ধতিগত অপরাধের বিচার বাংলাদেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
বুধবার মামলার যুক্তিতর্ক শুরু হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনের শুনানিতে কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন জিয়াউল আহসান। কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। অভিযোগ ও রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল।
সূত্র: চ্যানেল আই অনলাইন



