তুরাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে তুরাগ থানার একটি মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়ায় রিমান্ড মঞ্জুর হয়েছে বলে তিনি জানান।
গত ১২ নভেম্বর তুরাগের দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে শিপনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। ১৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হক তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনায় শিপনের জড়িত থাকার তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে নিষিদ্ধঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগসাজশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত থাকার তথ্য পাওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২১ অক্টোবর তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হন। পুলিশ সেখানে পৌঁছালে সমবেত ব্যক্তিরা স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন; এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগে আরও বলা হয়, সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তুরাগ থানায় মামলা করে।
সূত্র: প্রথম আলো




