আ.লীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

আইন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ, বিলুপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে সাতজন রিট করেছেন। আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট অপসারণ ও তদন্তের দাবিও জানানো হয়েছে।
আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ও বিলুপ্ত করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশের মাধ্যমে এ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন রিটটি করেন। বুধবার আবেদনকারীদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যসচিবকে বিবাদী করা হয়েছে। বিবাদী করা হয়েছে বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকেও।
আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা হবে না কেন, আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না কেন—এ মর্মে রুল চাওয়া হয়েছে। দলটির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেলসহ অন্যান্য কনটেন্ট এবং সহিংসতায় উসকানি দেওয়া কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর অধীনে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন করা হয়েছে। কমিটিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অগ্নিসংযোগ, বোমা হামলা, নাগরিক হত্যা এবং পুলিশ, হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলার অভিযোগ তদন্ত করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলার আবেদন রয়েছে।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অর্থায়নের উৎস শনাক্ত করে আইন অনুযায়ী তা অবরুদ্ধ করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। তাদের আর্থিক লেনদেন কীভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আবেদনও করা হয়েছে।
এ ছাড়া দলটির পক্ষে বক্তব্য প্রচার, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার, জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে আখ্যায়িত করা এবং সহিংসতায় উসকানি দেওয়া কনটেন্ট সম্প্রচারকারী চ্যানেলগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



