চার সপ্তাহের প্যারোলে ২৫ বছর পর বাড়ি ফিরলেন শাহিদুল

দিল্লির হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহিদুল আফজাল ফরাজী চার সপ্তাহের প্যারোলে বাগেরহাটের মোড়েলগঞ্জে নিজের বাড়িতে ফিরেছেন। তাঁর স্থায়ী মুক্তির আবেদন জানিয়েছেন স্বজনেরা।
ভারতের দিল্লিতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাংলাদেশি নাগরিক শাহিদুল আফজাল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়পরী গ্রামের বাড়িতে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশি নিরাপত্তায় তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে প্রিজন ভ্যানে করে দুপুর সোয়া ২টার দিকে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়।
দীর্ঘদিন পর পরিবারের সদস্যরা তাঁকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শাহিদুলের মেয়ে মেমী জানান, তাঁর বয়স যখন এক বছর, তখন তাঁর বাবা ভারতে গিয়েছিলেন। দাদি অসুস্থ থাকায় পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
মেমী বলেন, “তবে সাময়িক নয়, বাবার স্থায়ী মুক্তি চান তিনি।” তাঁর দাবি, তাঁর বাবা নির্দোষ। শাহিদুলের স্ত্রীও স্বামীর স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা শাহিদুলকে গাজীপুরের ম্যাজিস্ট্রেট চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন। প্যারোলের শর্ত অনুযায়ী তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে ভারতে গিয়ে একটি হত্যা মামলায় জড়ান শাহিদুল। ওই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। ভারতের কারাগারে প্রায় ২০ বছর থাকার পর ২০২১ সালে বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন।
সূত্র: চ্যানেল আই অনলাইন




