গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক দুলু মিয়া নিহত হয়েছেন। আহত চার যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ফার্মের কাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ থেকে ফিরছিলেন দুলু। সাহেবগঞ্জ ফার্মের কাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ বলেন, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থল থেকে দুলু মিয়ার মরদেহ উদ্ধার করেন। ট্রাকটি আটক করা যায়নি।
সূত্র: আজকের পত্রিকা





