অভয়নগরে ১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

যশোরের নওয়াপাড়া নৌবন্দরের কাছে অভিযান চালিয়ে ১৫০ টন সরকারি গমসহ এমভি সূর্যবানু ১১ জব্দ করেছে এসআরবি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জাহাজের পাঁচজনকে।
যশোরের অভয়নগরে ১৫০ টন সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে গম ও জাহাজটি জব্দ করা হয়। জাহাজটির নাম এমভি সূর্যবানু ১১; এটি মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে ১৫০ টন সরকারি গম নিয়ে জাহাজটি নওয়াপাড়া নৌবন্দরে আসে। পরে সেটি রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।
গোপন সংবাদের ভিত্তিতে জাহাজটিতে অভিযান চালানো হয়। ৩৮০ বস্তায় থাকা গমসহ জাহাজটি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের রায়হান উদ্দিন এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের খালিদ হাসান।
সূত্র: আজকের পত্রিকা




