ফোনালাপ ফাঁসের পর দাগনভূঞার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

যুব মহিলা লীগ নেত্রী তাসকিরা তানিনের সঙ্গে ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ার পর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে পুলিশ।
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিনের সঙ্গে তাঁর ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে বুধবার বিকেলে এ ব্যবস্থা নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হচ্ছে।
মঙ্গলবার রাতে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৮ সেকেন্ডের অডিওতে তাসকিরাকে ওসির বাসায় যেতে বলা, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেপ্তারের পরের বিভিন্ন বিষয় নিয়ে কথা শোনা যায়। অডিওতে ওসি তাসকিরাকে বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ তাসকিরা সেখানে গেলে সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওসি ঠিক তো সব ঠিক।’
কথোপকথনে তাসকিরা মামলা, কারাবাস ও জামিনে দুই লাখ টাকা খরচের কথা বলেন। তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন। পারভেজকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনে কিডনি বিক্রি করেও পুলিশকে টাকা দেবেন বলে তাঁকে বলতে শোনা যায়।
তাসকিরার অভিযোগ, দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানাতে ওসি তাঁকে বলেছিলেন। ওসি এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ফোনালাপের বিষয়টি স্বীকার করে বলেন, আসামিকে গ্রেপ্তারে তিনি ভিন্ন কৌশল নিয়েছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা দাবি করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন। ওসি এ অভিযোগও অস্বীকার করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, ১০ নভেম্বর রাতে তাসকিরাকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর তাঁদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো




