দাগনভূঞা ওসির সঙ্গে যুবলীগ নেত্রীর ফোনালাপ ভাইরাল, কণ্ঠস্বর স্বীকার

দাগনভূঞার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান ফোনালাপের কথোপকথন নিজের বলে স্বীকার করেছেন। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার।
ফেনীর দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের সঙ্গে পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের দুটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রেকর্ডগুলো ছড়ানোর পর আলোচনা-সমালোচনা শুরু হয়।
রেকর্ড দুটির একটিতে ওসিকে সনিকে তাঁর বাসায় আসার পথ ও যাতায়াতের ভাড়া বুঝিয়ে দিতে শোনা যায়। আরেকটিতে টাকা-পয়সা, মামলা এবং তুহিন ও পারভেজ নামের দুজনকে নিয়ে তাঁদের কথা হয়।
ওসি বলেন, কল রেকর্ডের কথোপকথন তাঁরই। তবে তাঁর দাবি, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল হিসেবে এসব কথা বলা হয়েছে। পুলিশের কাজে বাধা দিতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি। টাকা লেনদেনসহ তাঁর বিরুদ্ধে ওঠা অন্য অভিযোগগুলো সত্য নয় বলে জানান ওসি।
এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। এসব ঘটনার বিচার চান তিনি।
গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর তাঁদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কল রেকর্ডগুলো তাঁদের নজরে এসেছে এবং ফ্যাক্টচেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ওসির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযোগ তদন্তে তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিন সদস্যের কমিটি গঠন করেন। পরে ওসি স্বপদে বহাল থাকেন।
সূত্র: আজকের পত্রিকা





