সাত জেলায় নতুন এসপি, বদলি আরও কয়েকটি পদে

সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁয় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই আদেশে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ২৫ নভেম্বর মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ লালমনিরহাটে এবং ডিএমপির উপ-কমিশনার তৌহিদুল আরিফ নড়াইলে এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনায় বদলি করা হয়েছে। গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীন হয়েছেন ফেনীর এসপি। এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি করা হয়েছে।
একই আদেশে সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। খুলনার এসপি মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইতে বদলি করা হয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন





