খুলনায় ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ি লক্ষ্য করে গুলির অভিযোগ

খুলনায় চাঁদার টাকা না পেয়ে এক এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টানপাড়া এলাকায় এক এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়।
ভুক্তভোগী মিল্টন বারিকদার সিএএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার। তাঁর অভিযোগ, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে কয়েকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মিল্টন বারিকদারের অভিযোগ, রিচার্ড বেঞ্জামিন বিশ্বাস ওরফে বিন্দু, ওবায়দুল, সোহেল, মুকুল, তুষার বালা, নাটা সোহেল, ছোট জাহাঙ্গীর, মেহেদী ও আব্দুল্লাহসহ আরও কয়েকজন চাঁদা দাবি ও হুমকির সঙ্গে জড়িত। এ ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান তিনি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এর আগের দিন মঙ্গলবার খুলনা নগরের পাঁচটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেটের কাছে গুলিতে ৪ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নিহত হন।
সূত্র: আজকের পত্রিকা



