দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবী হিসেবে সনদ নেওয়ার পর তা সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছেন আদালত বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া।
গত ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন এ রিট করেন। শুনানিতে তিনি নিজেই রিটের পক্ষে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।
আইনজীবী হিসেবে সনদ নিয়ে তা সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ২০২৩ সালে বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেছিলেন ফরহাদ উদ্দিন। সাড়া না পেয়ে ১২ আগস্ট সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন তিনি। তাতেও ফল না হওয়ায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রিট করেন।
সূত্র: আজকের পত্রিকা



