হাসিনার প্রত্যর্পণ ও স্বেচ্ছায় দেশে ফেরার বিষয় আলাদা: ভারত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ এবং তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা আলাদা বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।
জয়সোয়াল বলেন, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, কোনো নাগরিক প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধের বিষয় নয়।
বাংলাদেশ সরকার দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ জানিয়েছে। গত ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন।
হাসিনার মুখপাত্রের বরাতে তাঁর ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের পর এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চান সাংবাদিকেরা। জয়সোয়াল বলেন, বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট; এতে ভারতের কিছু করার নেই।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে আগের দিন জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
সূত্র: চ্যানেল আই অনলাইন


