নারী নির্যাতন ঠেকাতে সরকার ও সংসদের কাছে ছয় দাবি সংগঠনগুলোর

নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নারী সংগঠনগুলো সংসদের কাছে আইন সংস্কার এবং সরকারের কাছে কার্যকর পদক্ষেপসহ ছয়টি দাবি জানিয়েছে। পুলিশের নিষেধের পর ঢাকার কর্মসূচির স্থান বদল করা হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নারী নির্যাতন ঠেকাতে সরকার ও জাতীয় সংসদের কাছে ছয়টি দাবি জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন। সংসদের প্রতি তাদের দাবি, সহিংসতা প্রতিরোধে যুগোপযোগী আইন করা এবং প্রচলিত আইনে প্রয়োজনীয় সংস্কার আনা। সরকারের কাছে তারা কার্যকর পদক্ষেপ চেয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কর্মসূচি করার কথা ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটির। পুলিশের নিষেধের পর কর্মসূচি হয় ধানমন্ডির সাতমসজিদ রোডে নারীপক্ষের কার্যালয়ের সামনে। আয়োজকেরা জানান, ঢাকাসহ দেশের ৬৪ জেলায় একই সময়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির সমাপনী বক্তব্যে নারীপক্ষের সভানেত্রী কে এ জাহান রুমি বলেন, সরকারি সহযোগিতা না পাওয়ায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের বদলে সাতমসজিদ রোডে আয়োজন করতে হয়েছে। তিনি বলেন, “আমরা খুবই শান্তিপূর্ণভাবে নারীর ওপর সহিংসতার প্রতিবাদ জানাচ্ছি, কোনো সরকারের বিরুদ্ধে কথা বলছি না।”
ঘোষণাপত্রে সংসদের কাছে তিনটি দাবি তুলে ধরেন দুর্বার নেটওয়ার্কের নেত্রী মাহমুদা বেগম। যৌন নির্যাতন, ধর্ষণসহ সব ধরনের সহিংসতা ঠেকাতে আইন প্রণয়ন ও সংস্কারের পাশাপাশি, সহিংসতার শিকার নারীর শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণের বিধান রাখার দাবি জানানো হয়। অনলাইন হয়রানি, সাইবার বুলিং, হুমকি, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ এবং এআই দিয়ে তৈরি যৌন নিপীড়নমূলক কনটেন্ট ঠেকাতেও আইন চেয়েছে সংগঠনগুলো।
সরকারের কাছে তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে নারীর ওপর সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে দ্রুত ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা এবং অপরাধী ও তাকে আশ্রয়-প্রশ্রয়দাতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহি ও ভুক্তভোগীর জন্য সহজে পাওয়া যায়—এমন নিরাপদ অভিযোগ ও প্রতিকারব্যবস্থা গড়ার আহ্বানও জানানো হয়।
সূত্র: প্রথম আলো



