সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় দুজনের মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় শফিকুল ইসলাম ও শওকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন সাতক্ষীরার আদালত। একই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কুখরালী কারিগরপাড়া কালানিপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০) এবং মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩)।
আদালত রায়ে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে দণ্ডপ্রাপ্তরা হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। খালাস পাওয়া দুজন হলেন মো. আতিয়ার রহমানের মেয়ে মোছা. হাসিনা খাতুন (৩৫) ও স্ত্রী ছবিরণ খাতুন (৫৫)।
সূত্র: চ্যানেল আই অনলাইন





