১০ মাসে নারী-শিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ: এইচআরএসএস

এইচআরএসএসের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবরে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় সংখ্যা বেড়েছে ৯৩২।
২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। এক বছরের ব্যবধানে নির্যাতনের ঘটনা বেড়েছে ৯৩২টি, প্রায় ৫৪ শতাংশ।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৪ জন—প্রায় ৫৭ শতাংশ—১৮ বছরের কম বয়সী। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হন, ধর্ষণের পর হত্যা করা হয় ৩৪ জনকে এবং ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন তিনজন।
২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন; তাঁদের মধ্যে শিশু ও কিশোরী ছিলেন ৪৩০ জন। এইচআরএসএসের হিসাবে, যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪ থেকে বেড়ে ৭৬৮ হয়েছে। যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে।
পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ এবং আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে। এ ধরনের সহিংসতার শিকার হয়ে আত্মহত্যার ঘটনাও ৬১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংগঠনটি। যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ হয়েছে। ধর্ষণের পর হত্যার সংখ্যা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে।
গণধর্ষণ ও ধর্ষণের পর আত্মহত্যার ঘটনা কিছুটা কমলেও সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এইচআরএসএস। সংগঠনটির মতে, সহিংসতা প্রতিরোধে অপরাধের পর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
সূত্র: আজকের পত্রিকা





