ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলকর্মীরা

রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকা থেকে কে এম শাখাওয়াতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।
শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যাচাই-বাছাই চলছে।
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন। ভিডিওতে নেতা-কর্মীদের তাঁকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। তাঁরা ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চান। শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন।
ভিডিওতে আরও দেখা যায়, মোতাহার হোসেন তাঁর নাম জানতে চান এবং সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা জিজ্ঞাসা করেন। শাখাওয়াত আর করবেন না বলে জানান। পরে নেতা-কর্মীরা তাঁকে কান ধরতে বললে তিনি তা করেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
সূত্র: প্রথম আলো





