গুলশানের বাড়ি থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্দেহে ২০ জন আটক

গুলশানের একটি বাড়ি ঘিরে ২০ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করছে পুলিশ।
রাজধানীর গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়ি থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নয়নের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি অনুসারীদের নিয়ে বাড়িটির সামনে যান। পরে দেয়াল টপকে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি করেন এবং কয়েকজনকে নিচে নামিয়ে আনেন। পুলিশ তাঁদের ভবনের পার্কিং এলাকায় জড়ো করে গাড়িতে তুলে নিয়ে যায়।
নয়ন সাংবাদিকদের বলেন, ওই বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে তাঁরা সেখানে যান। তাঁর দাবি, গোপালগঞ্জ থেকে কয়েকজন এবং রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বনানী থানা শ্রমিক লীগের সভাপতির নেতৃত্বে কিছু লোক বৈঠক করার কথা ছিল। ভবনের পেছনের জানালার একটি অংশ কেটে পালানোর পথ তৈরি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ২০ থেকে ২২ জনকে আটক করা হয়েছে।
নয়নের অভিযোগ, ডিসেম্বর সামনে রেখে সেখানে নাশকতার পরিকল্পনা চলছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকার কোথাও নাশকতার পরিকল্পনা করলে তাঁদের প্রতিহত করবেন বলেও জানান তিনি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এভাবে কাউকে আটক করার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
নয়নের শেয়ার করা আরেকটি ভিডিওতে রহমতুল্লাহ শান্ত নামের এক ব্যক্তিকে যুবলীগ নেতা পরিচয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দেখা যায়। পুলিশের কাছে সোপর্দ করার আগে তাঁকে পনির ও পার্সিমন ফল খেতে দেন নয়ন। এর আগে মঙ্গলবার রাতে পল্টন থেকে জাভেদ দিদার নামের আওয়ামী লীগের এক নেতাকেও আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।
সূত্র: প্রথম আলো



