উল্লাপাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত দুজন, আটক বাসচালক ও সহকারী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক মোন্নাফ ও যাত্রী চন্দন নিহত হয়েছেন। বাসচালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে সাতটার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশাচালক মোন্নাফ ও যাত্রী চন্দন। তাঁদের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্যাস নিতে অটোরিকশাটি ঘোষঘাতী থেকে শাহজাদপুরের মশিপুরের একটি পাম্পে যাচ্ছিল। পথে পাবনা থেকে আসা একটি দূরপাল্লার বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। বাস ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে; আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কের এক পাশ বন্ধ

জমির বিরোধে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

