কবিরহাটে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু, তিন ঘণ্টা পর মিলল মরদেহ

নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে ডুব দেওয়ার প্রতিযোগিতার সময় তলিয়ে যায় ১৪ বছরের মিনাজ আহমেদ। পরে পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে মিনাজ আহমেদ (১৪) নামে এক কিশোর। মঙ্গলবার বিকেলে উপজেলার নরোত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে সীমান্ত নামে পরিচিত মিনাজ সদর নরোত্তমপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে ছনখোলা দরবেশের মাজার পুকুরে গোসল করতে যায় মিনাজ। একপর্যায়ে তারা পানিতে ডুব দেওয়ার প্রতিযোগিতা শুরু করে। তখন মিনাজ তলিয়ে গেলে বন্ধুরা ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে কবিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে রাত আটটার দিকে পুকুরের ঘাটের সিঁড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুরুল কবির সরকার জানান, খবর পেয়ে সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং রাত আটটার দিকে সিঁড়ির নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিনাজের চাচা মো. দ্বীন মোহাম্মদ বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, মিনাজ সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীদের কাছে প্রাণবন্ত কিশোর হিসেবে পরিচিত ছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। মিনাজের বাবা জহিরুল ইসলাম প্রায় ১০ মাস আগে মারা যান। চাচা দ্বীন মোহাম্মদের ভাষ্য, ছেলেকে হারিয়ে তার মা কামরুন নাহার দিশাহারা হয়ে পড়েছেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কের এক পাশ বন্ধ

জমির বিরোধে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

