খালিয়াজুড়ী ইউএনও কার্যালয়ে আগুন, কারণ অনুসন্ধানে সাত সদস্যের কমিটি

নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খালিয়াজুড়ীর ইউএনও অলিদুজ্জামান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে।
কমিটির সদস্যরা হলেন পুলিশ সুপারের প্রতিনিধি, ইউএনও, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং খালিয়াজুড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সদস্যসচিবের দায়িত্বে থাকবেন।
বুধবার ভোর চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ইউএনওর দাপ্তরিক কক্ষের আসবাব ও গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে যায়। পাশের আরও দুটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়; দেয়ালের পলেস্তারা খসে পড়ে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পাশের মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খালিয়াজুড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় তাঁদের পাশের উপজেলা থেকে যেতে হয়।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কের এক পাশ বন্ধ

জমির বিরোধে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

