জমির বিরোধে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে আহত আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনেরা।
চুয়াডাঙ্গার জীবননগনে জমির বিরোধের জেরে আব্দুল খালেক (৫০) নামের এক ব্যক্তিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত খালেক উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। এরপরও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।
নিহতের স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমি বন্ধকের টাকা দিতে গেলে পাপিয়া খাতুন এবং তাঁর দুই ভাই ওসমান ও ইসমাইলের সঙ্গে খালেকের বিরোধ হয়। একপর্যায়ে তাঁরা তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রাখেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খালেকের ছেলে জিনারুলের অভিযোগ, তাঁর মা ও মামারা বিভিন্ন সময়ে তাঁর বাবাকে হুমকি দিতেন। দেড় মাস আগেও তাঁকে মারধর করা হয়েছিল। বুধবারের ঘটনার পর হাসপাতালে গিয়ে তিনি বাবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। যশোরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতির মধ্যেই তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন নিয়ে রাত ৮টার দিকে খালেক হাসপাতালে আসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তিনি মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গায় পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা



