বরিশালে দুই শিশুকে বিষমেশানো লাচ্ছি খাওয়ানোর মামলায় পাঁচ বছর পর গ্রেপ্তার

লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল থেকে মো. বাবু মিয়া ওরফে লাল বাবুকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮)। তিনি বরিশাল নগরের কোতোয়ালি থানার গিলাতলী এলাকার বাসিন্দা। বুধবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, জমি নিয়ে বিরোধের জেরে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে তাঁর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়।
অভিযোগ, পূর্বপরিকল্পনা অনুযায়ী সিরিঞ্জ দিয়ে দুটি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশু দুটিকে তা পান করতে দেওয়া হয়। লাচ্ছি পান করে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুদের মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর করা মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়। পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি।
সিআইডি জানিয়েছে, তদন্তের তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে; মামলার তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
সূত্র: আজকের পত্রিকা


