দেবিদ্বারে নাশকতার মামলায় মুদি দোকানি কারাগারে, হয়রানির অভিযোগ এমপির

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ; পুলিশ বলছে, জাকিরের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।
কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় জাকির হোসেন (৪০) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অভিযোগ, প্রকৃত অপরাধীদের না ধরে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। পুলিশ বলছে, জাকিরের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
জাকির দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জাকিরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘জুলাইয়ে দেবিদ্বারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং জুলাই-সংশ্লিষ্ট মামলার আসামি, তারা থানার আশপাশে ঘোরাফেরা করলেও গ্রেপ্তার হচ্ছে না। আওয়ামী লীগের পদধারী কোনো নেতাকেও আটক করতে দেখা যায় না। অথচ নিরীহ মানুষকে প্রতিদিন গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। জুলাইয়ের পক্ষে যারা রাস্তায় নেমেছিলেন, তাঁদেরও আটক ও হয়রানি করা হচ্ছে। এ হয়রানি থেকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরাও রেহাই পাচ্ছেন না।’
দেবিদ্বার থানার পুলিশের সমালোচনা করে হাসনাত বলেন, ‘আমার সুনাম ক্ষুণ্ন করতে পুলিশ যা খুশি তাই করছে। প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমার কাছে আসছে।’
জাকিরের স্ত্রী ও সাবেক পৌর কাউন্সিলর শারমিন আক্তারের অভিযোগ, মামলা বা অভিযোগের কথা না জানিয়ে মঙ্গলবার রাতে পুলিশ তাঁদের বাড়িতে যায়। জমিজমার বিরোধ নিয়ে কথা বলার জন্য জাকিরকে থানায় ডেকে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কারও প্ররোচনায় পুলিশ এমন করেছে বলেও দাবি করেন তিনি। শারমিনের ভাষ্য, বিয়ের আগে জাকির বিএনপির রাজনীতিতে যুক্ত থাকলেও পরে তাঁকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, দেড় যুগ আগে জাকির বিএনপির সমর্থক ছিলেন, তবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় নন। তাঁদের দাবি, তাঁর ছোট ভাই ছাত্রলীগ এবং স্ত্রী মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিগত বিরোধের জেরে জাকিরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করেন তাঁরা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘জাকির হোসেনের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জাকিরের গুরুত্বপূর্ণ কোনো পদ-পদবি না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।’ দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, শারীরিক অসুস্থতা এবং জেলা পুলিশ কার্যালয়ে নিয়োগের কাজে ব্যস্ত থাকায় তিনি এ বিষয়ে খোঁজ নিতে পারেননি।
সূত্র: আজকের পত্রিকা


