খুলনায় এক দিনের ব্যবধানে একই বাড়ির ফটকে ফের হামলা

পশ্চিম টুটপাড়ায় জলিল আকনের বাড়ির প্রধান ফটক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আগের দিনও একই বাড়িতে হামলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় জলিল আকনের বাড়িতে এক দিনের ব্যবধানে আবার হামলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বাড়ির প্রধান ফটক কুপিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে লবণচরা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যাতেও একই বাড়িতে হামলা হয়েছিল।
লবণচরা থানার ওসি (তদন্ত) সমীরন কুমার বৈদ্য বলেন, মঙ্গলবার দুর্বৃত্তরা বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। বাড়ির মালিক দরজা না খোলায় তারা ফটক কুপিয়ে চলে যায়। বুধবারও একই কায়দায় হামলা হয়েছে।
হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান সমীরন কুমার বৈদ্য। তাঁর ভাষ্য, এলাকার কেউ এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা ছাড়া দুর্বৃত্তদের শনাক্ত ও আটক করা কঠিন বলেও তিনি জানান। অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: আজকের পত্রিকা


