পাবনায় ৪৬৬ বস্তা সার জব্দ, তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

পাবনা সদর উপজেলার শ্রীকোল বাজারে অভিযানে অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়েছে। তিন ব্যবসায়ীকে জরিমানা করে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে সার বিক্রি করা হয়।
পাবনা সদর উপজেলার শ্রীকোল বাজারে বুধবার অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের বাজারটির আট থেকে ১০টি গুদামে অভিযান চালানো হয়। জব্দ সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে; বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জব্দ সারের মধ্যে ইউরিয়া ১২ বস্তা, ডিএপি ৩৮৯ বস্তা এবং এমওপি ৬৫ বস্তা। জরিমানাপ্রাপ্তরা হলেন মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী বাচ্চু মল্লিক, মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী হেলাল মোল্লা এবং আসাদুজ্জামান কামাল।
বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা এবং হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনার উপপরিচালক এবিএম লুৎফুল কবির জানান, অবৈধভাবে সার মজুতের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র: আজকের পত্রিকা


