নারী নির্যাতন ঠেকাতে আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ

রাজধানীতে জাতীয় সংলাপে বক্তারা বলেছেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে আইন প্রণয়নের পাশাপাশি এর কার্যকর প্রয়োগ ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা বন্ধে আইন করার পাশাপাশি তার কার্যকর প্রয়োগ এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাজধানীতে আয়োজিত এক জাতীয় সংলাপের বক্তারা। বুধবার আলোকিতে অনুষ্ঠিত সংলাপে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সহজে মানসম্মত সেবা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।
‘সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত ও দায়মুক্তির অবসানে আইনি কাঠামো জোরদার’ শীর্ষক সংলাপের আয়োজন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন এলসিজি ওয়েজ এবং জাতিসংঘ বাংলাদেশ। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের ১৬ দিনব্যাপী বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজনটি করা হয়।
জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিচারব্যবস্থা গড়ে তোলা এবং তাঁদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ জরুরি। ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও মানসিকতার পরিবর্তনও প্রয়োজন বলে জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈষম্যমূলক আইন, সেবা পাওয়ার বাধা ও যৌন হয়রানির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আরও উদ্যোগ নেওয়ার কথা বলেন। বাংলাদেশে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলার বিভিন্ন উদ্যোগে প্রায় ১ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।
নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ঘর, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি।
দুটি প্যানেল আলোচনায় আইনি কাঠামো ও নীতিমালার প্রয়োগ, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা উঠে আসে। বাল্যবিবাহ, প্রযুক্তিনির্ভর সহিংসতা ও ক্ষতিকর সামাজিক রীতি মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের কথাও বলেন আলোচকেরা।
ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, সহিংসতা বন্ধে সরকার, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিরোধ, সেবা এবং জবাবদিহি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রয়োজন বলেও তাঁরা জানান।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল প্রযুক্তিনির্ভর সহিংসতাকে সাইবার নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার ইস্যু হিসেবেও দেখার আহ্বান জানান। ইউএনএফপিএর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপিটান সংলাপের সুপারিশ বাস্তবায়নে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সহযোগিতার কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কার্যক্রম চলবে।
সূত্র: প্রথম আলো



