টিকটকে পরিচয়ের পর কিশোরীকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

মানিকগঞ্জের নিখোঁজ কিশোরীকে উত্তরার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামের এক চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
টিকটকে পরিচয়ের পর বিয়ের আশ্বাস দিয়ে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগে চেন ইয়ং (৪১) নামের এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার রাতে উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার কিশোরী তার বড় বোনের সঙ্গে ফোনে যোগাযোগ করে। তার দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। পরে মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা পূর্ব থানাধীন একটি ভবনের সপ্তম তলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ওই বাসা থেকে চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
সদর থানা-পুলিশের ভাষ্য, টিকটকে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় নেওয়া হয়। সেখানে খাওয়াদাওয়া ও কথাবার্তার পর তাকে ঢাকায় নিয়ে উত্তরার একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
কিশোরীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। ওই আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দি দেওয়ার পর কিশোরীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বুধবার বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: প্রথম আলো



