সুন্দরগঞ্জে ন্যায়বিচারের আশ্বাসে ৪২ হাজার টাকা নেওয়ার অভিযোগ

মানবাধিকার কমিশনের কর্মকর্তা পরিচয়ে মামলায় সহায়তার কথা বলে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া এবং পরে অনৈতিক প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের কর্মকর্তা পরিচয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া এবং পরে তাঁকে অনৈতিক প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী। মামলাটি তদন্তাধীন। থানায় যাতায়াতের সময় নুর আলমের সঙ্গে তাঁর পরিচয় হয়। নুর আলম নিজেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার পরিচালক পরিচয় দিয়ে মামলায় সহায়তা এবং পত্রিকায় বিষয়টি প্রচারের আশ্বাস দেন।
অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর বেলা ১১টার দিকে নুর আলম ওই নারীকে নিজের বাসায় নিয়ে ১০ হাজার টাকা নেন। পরে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা নেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে তাঁকে বাসায় ডেকে অনৈতিক কাজে সম্মত হতে বলেন নুর আলম।
অভিযোগকারী খাদিজা আক্তারের দাবি, প্রস্তাবে রাজি না হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখিয়ে তাঁকে ভয় দেখানো হয়। কথা না শুনলে ক্ষতি করা এবং ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হাজতে পাঠানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে নুর আলম সিদ্দিক বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন। গাইবান্ধার কয়েকজন সাংবাদিক ওই নারীকে দিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন বলে দাবি করেন তিনি। ওই নারীর সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করলেও পুলিশ সুপার বা ডিবি পুলিশের ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেন নুর আলম।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে নুর আলমকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল।
সূত্র: আজকের পত্রিকা



