জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসের পর রাত সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় দুই ঘণ্টা পর রাত সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশমাইল এলাকা থেকে রিকশায় ওঠেন। প্রত্যক্ষদর্শী ও তাঁর সহপাঠীদের সূত্রে জানা যায়, এক ব্যক্তি রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সেটি রমজানের গায়ে লাগে। এ নিয়ে জানতে চাইলে ওই ব্যক্তি তাঁকে মারধর করেন বলে অভিযোগ। পরে পাশের একটি কক্ষে নিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে।
রমজানের সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি ফেসবুক গ্রুপে ঘটনার কথা জানান। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কে অবস্থান নেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রমজান বলেন, ‘কেন মারছেন, জানতে চাইলে আমাকে হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যান। সেখানে আমার শরীরে লাথি মারাসহ বেধড়ক মারধর করা হয়।’
অবরোধস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তে কাজ চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে। উপাচার্যও বিষয়টি সমাধানে উদ্যোগ নিয়েছেন।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে এক সেনাসদস্যের অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়।
সূত্র: প্রথম আলো


