চুয়াডাঙ্গায় ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিনসহ গ্রেপ্তার, আসামির যাবজ্জীবন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাসিদ মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালত। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারের মামলায় হাসিদ মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালত। রায়ের সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার দুপুরে আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেতুলতলাপাড়ার মৃত শহিদ মণ্ডলের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হাসিদের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তাঁর জ্যাকেটের পকেটে থাকা কাপড়ের ব্যাগ থেকে ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার করে মোট ৮০ মিলিলিটার ইনজেকশন ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা





