জনি হত্যা মামলা: গাজীপুর থেকে এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

২০১৫ সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে কথিত বন্দুকযুদ্ধে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এসপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে ২০১৫ সালে কথিত বন্দুকযুদ্ধে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।
শফিকুল ইসলাম বলেন, খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে। ওই অভিযোগের মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠিতে। গ্রেপ্তারের আগে তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ নুরুজ্জামান জনিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। একই সময়ে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও তুলে নেওয়া হয়েছিল। অভিযোগে বলা হয়েছে, ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে জনিকে হত্যা করা হয়।
জনির বাবা ইয়াকুব আলী ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় এ ঘটনায় মামলা করেন। মামলায় মোট ৬২ জনকে আসামি করা হয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন



