ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দুই কারাবন্দীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি শাহজামাল তব্দুল হোসেন ও হাজতি আবদুল্লাহ আল মামুনের মৃত্যু হয়েছে। অসুস্থতা ও কিডনি-জটিলতা এবং ক্যানসারে ভুগছিলেন তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) ও হাজতি মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন শাহজামাল। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহজামাল যশোরের বেনাপোলের রুহুল আমিনের ছেলে।
কিডনি-জটিলতা ও ক্যানসারে ভুগছিলেন আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকালে তাঁকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবার নাম মৃত মো. মোকলেস শেখ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁরা কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: প্রথম আলো



