টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নে তিন বছরের আদিবা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের এক দিন পর আদিবা ইসলাম নামের তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। আদিবা ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাননি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



