ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে আগুন, অধিকাংশ নথি পুড়ে গেছে

শেরপুরের ঝিনাইগাতীতে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুনে ভবনের একাংশ, আসবাব ও অধিকাংশ নথি পুড়ে গেছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুনে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথি পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় আগুনের ঘটনা ঘটে।
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কাজ শেষে কার্যালয় তালাবদ্ধ করে চলে যান তাঁরা। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কার্যালয়টিতে রাজগঞ্জের পাশাপাশি মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমও পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ জানান, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া বাকি সব নথি পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে, তা আমরা দেখিনি। তবে এটা নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানি হতে হবে। আমরা এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।
সূত্র: আজকের পত্রিকা


