ভাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২২) নামের এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন রায় ঘোষণা করেন। এ সময় সুমন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ভাঙ্গা উপজেলার ওই ছাত্রী ২০২৪ সালের ২৬ জুন বাড়িতে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী সুমন তার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে সুমন পালিয়ে যান। পরদিন ছাত্রীর মা ভাঙ্গা থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রাকিব হোসেন ২০২৪ সালের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তাঁর ভাষ্য, এ রায় এ ধরনের অপরাধীদের জন্য একটি বার্তা হয়ে থাকবে।
সূত্র: আজকের পত্রিকা




