চৌদ্দগ্রামে ভবন ভাঙার সময় দেয়াল ধসে নারী শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাটে পুরোনো ভবন ভাঙার সময় দেয়ালের অংশ ধসে হোসনেয়ারা বেগম (৪৮) নিহত হয়েছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে পুরোনো ভবন ভাঙার সময় দেয়ালের অংশ ধসে হোসনেয়ারা বেগম (৪৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট পূর্ব বাজারে ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ৯০০ টাকা মজুরিতে দুই নারী ও তিন পুরুষসহ পাঁচ শ্রমিক ওই ভবন ভাঙার কাজ করছিলেন। কাজের সময় দেয়ালের একটি অংশ হোসনেয়ারার ওপর পড়ে।
সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়।
ভবনের মালিক মুজিবুর রহমান বলেন, ৮০ হাজার টাকা চুক্তিতে রাজমিস্ত্রি জাহাঙ্গীরকে ভবন ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার পাঁচজন শ্রমিক কাজ করার সময় দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শ্রমিকের মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন; খোঁজ নিয়ে বিস্তারিত জানবেন।
সূত্র: আজকের পত্রিকা



