চট্টগ্রামের বড়পোল পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা

হালিশহরের বড়পোল এলাকায় পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে জানালার কিছু অংশ পুড়ে যায় এবং ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে; তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১৯ নভেম্বর নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেওয়া হয়।
সূত্র: আজকের পত্রিকা



