গৌরনদীতে ১৭ বছরের কিশোরীকে বিয়ে, তথ্য সংগ্রহ করছে পুলিশ

ভারতের গুজরাট থেকে আসা ২০ বছর বয়সী এক তরুণের সঙ্গে গৌরনদীর ১৭ বছরের এক কিশোরীর বিয়ের আনুষ্ঠানিকতা নোটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসে ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০)। পশ্চিম চন্দ্রহার গ্রামের ওই কিশোরীর পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান। পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
কিশোরী মাহি জানায়, ইনস্টাগ্রামে প্রায় দেড় বছর আগে ফাইজানের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাইজানও স্ত্রীর সঙ্গে বাকি জীবন বাংলাদেশে কাটানোর ইচ্ছার কথা জানিয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরীর বয়স ১৮ বছরের কম হওয়ায় বিয়েটির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন বিয়ের আনুষ্ঠানিকতার আইনগত অবস্থান নিয়েও আলোচনা চলছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন




